মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে চাচাতো ভাইকে খুন, আটকের পর জিজ্ঞাসাবাদে দায় স্বীকার
মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়দর ভিড়। ছবি: সমকাল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০২:০৬ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ০২:০৬
মাদারীপুরে চাচাতো ভাইকে গোপনে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে দেওয়া হয় অপহরণের মামলা। হত্যাকারী নিজেই দুই মাস চাচাতো ভাইকে গোপন করে রাখে। পরে নিজেই চাচাতো ভাইকে হত্যা করে মুখমণ্ডল বিকৃত করে রাতের আঁধারে সদর উপজেলার দুর্গাবদী এলাকায় একটি ভুট্টা খেতে ফেলে যায়। প্রথমে হত্যাকাণ্ডটি সম্পূর্ণ ক্লুলেস হলেও অপহরণ মামলার বাদীকে আটকের পরে সে তার চাচাতো ভাইকে হত্যার কথা স্বীকার করে। লাশের পরিচয় আড়াল করতে মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হয়।
বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে নিহত সিরাজ সরদারকে দাফন করা হয়। এ ঘটনায় মোট চারজনকে আটক করে পুলিশ।
জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবদী গ্রামের জয়নাল বেপারীর বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ। পরে পরিচয় জানতে পারে যে, নিহত সিরাজ সরদার (৫৬) সদর উপজেলার দক্ষিণ বিরাঙ্গল গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে। দুই মাসেরও বেশি সময় তাকে গোপনে রাখে নিহতের চাচাতো ভাই ওই গ্রামের হালান সরদারের ছেলে বিল্লাল সরদার। প্রতিপক্ষকে ফাঁসাতে বিল্লাল সরদার (৪০) বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে বিলাল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চাচাতো ভাই সিরাজ সরদারকে হত্যা কথা স্বীকার করে বিল্লাল সরদার। পরে তার দেওয়া তথ্যমতে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই এলাকার এনজেল খালাসীর ছেলে লিয়াকত খালাসী (৩৫) ও বিল্লাল সরদারের শ্যালিকা খাদিজাকে আটক করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক হত্যাকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয়েছে বলে জানান। ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে সিরাজ সরদারের লাশ নিজ বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় নিহতের পরিবার ও স্বজনরা।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানো ও মামলা বাণিজ্য করে হত্যাকারী বিল্লাল সরদার। অবশেষে নিজেকে সব ধরনের দায় থেকে বাঁচাতে চাচাতো ভাইকে হত্যা করে। পুলিশের হাতে আটক হওয়ার পরে হত্যার কথা স্বীকার করেন। তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে নিহতের ছেলে শহিদুল সরদার বলেন, তার বাবার হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ক্লুলেস একটি হত্যাকাণ্ডের জট খুলেছে। আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে বিল্লাল সরদার। তাকে আদলতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি দুই আসামিকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মাদারীপুর
