ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে মানুষ

টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে মানুষ
×

পবিত্র রমজান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে টিসিবি সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করছে। ছবিটি গতকাল বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে তোলা ছবি সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০৮:০৬

| প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন নিম্নআয়ের মানুষ। 

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১৫ টাকা। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও ৫০০ গ্রাম খেজুরের দাম ৮০ টাকা। নিম্ন আয়ের মানুষ এসব পণ্য কিনতে পারছেন। ডিলার পরিচয় যাচাই করে প্রকৃত নিম্ন আয়ের মানুষের কাছে পণ্য বিক্রি করছেন। 

বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করছিল ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্স। এ সময় সেখানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। 
হরিদাসপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম শেখ বলেন, বাজারের তুলনায় এখানে অনেক কম দামে পণ্য পাওয়া যাচ্ছে। তিনি ২ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা ও ৫০০ গ্রা্ম খেজুর কিনেছেন। এতে ৫৯০ টাকা দিতে হয়েছে। এ দামে পণ্য পেয়ে বেশ সাশ্রয় হচ্ছে।

ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্সের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আজকে আমরা ৪০০ পরিবারের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় পণ্য বিক্রি করেছি । যাতে প্রকৃত নিম্নআয়ের মানুষ উপকৃত হয়েছে, সেজন্য পরিচয় যাচাই করে পণ্য দেওয়া হয়েছে । রমজান মাসজুড়ে এসব পণ্যের চাহিদা বেশি থাকায় আমরা ট্রাক সেল কার্যক্রম পরিচালনা  করছি।’
রোকন উদ্দিন জানান, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায়, নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির এ উদ্যোগ স্বস্তির বার্তা নিয়ে এসেছে। নিয়মিত এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তিনি।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা আলী 
আকবর খান জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। সরকার নির্ধারিত ২০ দিনের ট্রাক সেল কার্যক্রম আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে।  

আরও পড়ুন

×