ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে হামলা, গুলি-ককটেল বিস্ফোরণ
ছবি: সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ২৩:১৩ | আপডেট: ০৭ মার্চ ২০২৬ | ২৩:১৭
গাজীপুরে ম্যানেল ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে মহড়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে বাসন থানার ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। একই সঙ্গে ঝুট বোঝাই একটি ট্রাক ও নগদ টাকা লুটের ঘটনাও ঘটে।
স্থানীয়রা জানান, বাসন থানার ভিটিপাড়া এলাকায় গড়ে ওঠা ম্যানেল ফ্যাশন লিমিটেডের সঙ্গে ঝুট ব্যবসার চুক্তি হয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাজীপুর মহানগর কমিটির সদস্য সচিব কৌশিক খানের। তিনি খান ট্রের্ডাস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্তাধিকরী। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ঝুটের ব্যবসা করে আসছিলেন।
কৌশিক খান বলেন, মালিকপক্ষের সঙ্গে চুক্তি করে ব্যবসা করে আসছেন তিনি। শনিবার সকালে কারখানার গুদামে মালপত্র বোঝাই করার জন্য যান তারা। এ সময় ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে ২০০ থেকে ২৫০ লোক অস্ত্রশস্ত্র নিয়ে গুদামের সামনে জড়ো হয়ে মহড়া দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাজমুল ইসলামের লোকজন একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এরপরই কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ওই মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে যুবদল নেতা নাজমুল ইসলামের মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বলেন, এমন ঘটনা মোটেও কাম্য নয়। পুলিশ তদন্ত করে বের করুক কার দোষ। বিএনপিতে সন্ত্রাসীর কোনো স্থান নেই। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মালিকের সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে খান ট্রের্ডাস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ঝুটের ব্যবসা করে আসছিল। ঝুট নেওয়ার সময় হঠাৎ করেই শনিবার সকালে একদল লোক এসে বাধা দেয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান এ সময় গুলির শব্দ শুনতে পান তারা, ককটেলও বিস্ফোরণ হয়।
ওসি বলেন, গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের বিষয়টি সিটিটিভি ফুটেজে দেখা গেছে। কৌশিক খান শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
- বিষয় :
- গাজীপুর
- গুলি
- ককটেল বিস্ফোরণ
