ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কালিয়াকৈরে ডাম্প ট্রাকের চাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার অভিযোগ

কালিয়াকৈরে ডাম্প ট্রাকের চাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার অভিযোগ
×

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৩:৫৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সময় ডাস্প ট্রাকের চাপায় মাসুম রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা দিয়ে মীমাংসা করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নিহত মাসুম রানা কালিয়াকৈর উপজেলার লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাঝুখান এলাকার নাসির উদ্দিনের কাছে স্থানীয় নেহাল উদ্দিন ফসলি জমির মাটি বিক্রি করেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। শনিবার রাতে ওই মাটি ডাম্প ট্রাকে করে সরানোর সময় ট্রাকের চাপায় মাসুম রানা ঘটনাস্থলেই নিহত হন। পরে পরিবারের সদস্যদের না জানিয়ে তার মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা করতে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম আক্তার বলেন, ‘এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। তবে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×