ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
২০ কিমি ধীরগতি, ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছেন অনেকে
ছবি: সমকাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ১২:৪২ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ১২:৪৭
যমুনা সেতুতে একাধিক যানবাহন বিকল হওয়া, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন জায়গায় ওভারটেকিং এর কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল শহরবাইপাস নগড় জলফৈই পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় আজ বৃহস্পতিবার ভোররাত থেকে ধীর গতিতে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। তবে যানজট নিরসনে মহাসড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরার মানুষের অতিরিক্ত চাপে যাত্রীবাহী বাসের তীব্র সংকট দেখা গেছে। ফলে বাড়ি ফিরতে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক কিংবা পিকআপে উঠছেন।
টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক আনিছুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার থেকে মহাসড়কের মানুষের ঢল নেমেছে। এতে করে মহাসড়কের যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিকে রাত থেকে সকাল পর্যন্ত যমুনা সেতু ও পূর্বপ্রান্তে অন্তত ১৩টি গড়ি বিকল হয়। এতে করে মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ সারির সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ রেকারের মাধ্যমে বিকল হওয়া গাড়িগুলো সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, ব্যাপকভাবে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। টাঙ্গাইল শহরবাইপাস রাবনায় পরিবহনের জন্য অপেক্ষা করছেন বহু মানুষ। যাত্রীবাহী বাসের সংকটের কারণে আবার কেউ কেউ খোলা ট্রাক কিংবা পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন। অতিরিক্ত গাড়ির চাপে কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। তবে সেই জট কিছুক্ষণরে মধ্যেই কেটে যাচ্ছে। কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে না।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগের থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।
টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কে যানবাহন বিকল হওয়ায় রাত থেকে ভোর পর্যন্ত ধীর গতি দেখা দেয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সকাল সাতটা থেকে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। কোনো যানজট নেই। আশা করছি, ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবেন।
- বিষয় :
- টাঙ্গাইল
- ঈদ যাত্রা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
