ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

প্রত্মসংগ্রাহক ও গবেষক হাবিবুল্লাহ পাঠান আর নেই

প্রত্মসংগ্রাহক ও গবেষক হাবিবুল্লাহ পাঠান আর নেই
×

মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১৭:২৪

প্রত্ম সংগ্রাহক ও গবেষক মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান (৮৮) আর নেই। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ক্যানসার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। 

তিনি স্ত্রী ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৫টায় বটেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাঁকে।

মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান প্রত্ম সংগ্রাহক ও গবেষক প্রয়াত মুহাম্মদ হানীফ পাঠানের ছেলে। বাবার মৃত্যুর পর তিনি স্কুল শিক্ষকতার পাশাপাশি বটেশ্বর ও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার বছর আগের ব্যবহৃত প্রত্মসামগ্রী সংগ্রহ করে সেগুলোর ওপর গবেষণ করেন। 

উয়ারী ও বটেশ্বর- এই দুই গ্রামকে বিশ্বের বুকে পরিচিত করানোসহ এই দুই গ্রামে যে আড়াই হাজার বছর আগে নগর সভ্যতা ছিল- সেটা প্রমাণ করতে বিশেষ ভূমিকা রাখেন হাবিবুল্লাহ পাঠান। 

তিনি একজন লেখকও ছিলেন। জীবনের শুরুতে ‘সবুজ পল্লী’ নামে একটি সাহিত্য পত্রিকার সম্পদনা করেছিলেন তিনি। প্রায় ১৫টি বই লিখেছেন তিন।

তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘বাংলাদেশের ভাট কবি ও কবিতা’, ‘নরসিংদীর লৌখিক খেলাধুলা’, ‘উয়ারী বটেশ্বর শিকড়ের সন্ধানে’, ‘বাংলাদেশের লোককাহিনী (তিন খণ্ড)’ প্রভৃতি। এর মধ্যে ‘বাংলাদেশের ভাট কবি ও কবিতা’ গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি।
 

আরও পড়ুন

×