ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল স্থলবন্দর। ছবি: সমকাল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৮:৫৩
ঈদুল ফিতরের ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দর ও বনগাঁয় ৯০০ ট্রাক দাঁড়িয়ে আছে। ভারতে প্রবেশের অপেক্ষায় বেনাপোল বন্দরে ৫০ ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফর ওয়াডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য রাজা বলেন, ঈদের ছুটিতে ভারতের পেট্রাপোল বন্দরে ৬০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এছাড়া বনগাঁ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি পার্কিংয়ে আরও ৩০০-এর বেশি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে।
বেনাপোল-পেট্রাপোল বন্দরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পণ্য আমদানি-রপ্তানিতে গতি বৃদ্ধি না করলে পেট্রাপোল বন্দরের যানজট নিরসন হবে না।
বেনাপোল কাস্টম হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সিএন্ডএফ এজেন্ট স্টাফরা কাজে যোগ দেওয়ায় পণ্যের গেট পাশ হচ্ছে এবং আমদানি-রপ্তানি শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭১ ট্রাক পণ্য আমদানি ও ২৬ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের শেডগুলোতে পণ্য আনলোডও হচ্ছে। দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
