ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, তিন ঘণ্টা পর থানায় আত্মসমর্পণ

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, তিন ঘণ্টা পর থানায় আত্মসমর্পণ
×

আলী হোসেন

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৭:৪৪

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রায় তিন ঘণ্টা পর ওই আসামি থানায় আত্মসমর্পণ করেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার নতুন মেঘারগাঁও গ্রামের রহিমার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামি আলী হোসেন (৪০) একই এলাকার বাসিন্দা এবং একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢালা নদীর পাশে তাস খেলতে থাকা অবস্থায় আলী হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে রহিমার বাজার এলাকায় পৌঁছালে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

অভিযোগ রয়েছে, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলায় পুলিশের উপ-পরিদর্শক সাগরসহ অন্তত তিন কনস্টেবল আহত হন।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো  গ্রাম ঘিরে ফেলা হয়। পরে পুলিশ আধা ঘণ্টার মধ্যে আসামিকে থানায় হাজির করার আল্টিমেটাম দেয়। এ সময় আসামি ও অভিযুক্ত নেতার কয়েকজন আত্মীয়কে থানায় নিয়ে যাওয়া হয়।

শেষ পর্যন্ত রাত ১০টার দিকে আলী হোসেন থানায় আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আনার সময় এলাকাবাসী  আসামিকে  ছিনিয়ে নেয়। শেষ পর্যন্ত রাত ১০টার দিকে আলী হোসেন থানায় আত্মসমর্পণ করেন।আজ তাকে আদালতে নেওয়া হবে।

অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক প্রত্যক্ষদর্শী ঘটনাটি নিশ্চিত করেছেন।

এর আগে ঈদের আগের দিন একই উপজেলায় শাহ আরফিন টিলা এলাকা থেকে কালা মিয়া নামের আরেক আসামিকেও হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এলাকায় এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন

×