ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১৬:২৬ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১৬:২৯
ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ও বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ছাগলনাইয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং একজন পথচারী ছিলেন। একটি ড্রামট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীরা এবং পথচারী বাসচাপায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি সমপুর গ্রামের ইকবাল হোসেন ওরফে জিসান (২৩), ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন এলাকার জিয়ানুল হোসেন শাওন (২৩) এবং সোনাপুর গ্রামের মোহাম্মদ জুয়েল মাতাব্বর (৩২)।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ইকবাল হোসেন জিসান ও শাওন মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। পথে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকার সুলতান পাম্পের বিপরীতে চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। জিয়ানুল হোসেন শাওনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস মোহাম্মদ জুয়েল মাতাব্বরকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জুয়েল পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, ‘নিহত ইকবাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া জুয়েল মাতাব্বরের মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর শাওনের মরদেহ চট্টগ্রাম থেকে আনার কথা রয়েছে।’
- বিষয় :
- ফেনী
- সড়ক দুর্ঘটনা
- যুবকের মৃত্যু
