ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কক্সবাজারে তিন লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ৫

কক্সবাজারে তিন লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ৫
×

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ২০:৩৬

কক্সবাজারে পৃথক দুই অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামে পাচার করা হবে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদসংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন। এ সময় একটি সন্দেহজনক কাভার্ডভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকানো প্রায় তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক দাম ১৬ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় সাহাদাত হোসেন ওরফে সাকিব নামে এক পাচারকারীকে আটক করা হয়। 

সাব্বির আলম সুজন আরও জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচরসংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলার বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে কোস্টগার্ড সেটিকে আটক করে। ট্রলার তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক দাম তিন কোটি টাকা। এ সময় চারজন পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন– মো. ইয়াসিন, মো. ইসমাইল, গিয়াস উদ্দিন ও জসিম উদ্দিন। 

কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×