ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, গলে উঠছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, গলে উঠছে সড়কের পিচ
×

শহরে পৌরসভার সামনের সড়কে পিচ গলে উঠে যেতে দেখা গেছে। ছবি: সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:২৪ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১৮:২৫

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। একইসঙ্গে ভ্যাপসা গরমে বেড়েছে দুর্ভোগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হতে শুরু করে চুয়াডাঙ্গার জনপদ। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। 

এদিকে, তীব্র গরমে সড়কের পিচ গলে উঠে যেতে দেখা গেছে। শহরে পৌরসভার সামনের সড়কে এই চিত্র দেখা গেছে। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়ার বার্তায় বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুর রহমান জানান, চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি অতিক্রম করেছে। জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন এটি অব্যাহত থাকতে পারে।

কৃষি শ্রমিক জামাল উদ্দিন বলেন, এই গরমে মাঠে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে। একটু পরপরই বিশ্রাম নিতে হচ্ছে। বেশী বিশ্রাম নিলে কাজ শেষ হবে না। তাই, বাধ্য হয়েই কাজ করেছি।

ব্যাটারিচালিত ভ্যানচালক আব্দুস সামাদ বলেন, সারাদিন প্রখর রোদের জন্য রাস্তায় লোকজন কম বেরিয়েছে। যার ফলে আজ আয় হয়েছেও কম। এমন গরমে সড়কের পিচ গলতে দেখা গেছে।

মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে তেলপাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করলাম। আজ তাপমাত্রাও অনেক বেশী ছিলো। রোদের তাপে গা পুড়ে যাচ্ছিল।

আরও পড়ুন

×