ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

খুলনায় হুইপ বকুল

১৭ বছরে দেশে গুম-খুনের সংস্কৃতি কায়েম হয়েছিল

১৭ বছরে দেশে গুম-খুনের সংস্কৃতি কায়েম হয়েছিল
×

খুলনা জেলা পরিষদ আয়োজিত শনিবারের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন হুইপ রকিবুল ইসলাম বকুল। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ১৬:৫১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ | ১৬:৫১

গত ১৭ বছর দেশে গুম ও খুনের সংস্কৃতি কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ৭৩টি পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। 

খুলনা জেলা পরিষদ শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের মাঝে সর্বমোট ৭ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া। দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ মানুষ যে মুক্তির নিশ্বাস নিচ্ছে, তা অর্জিত হয়েছে অসংখ্য ভাই-বোনের রক্ত আর স্বজনদের চোখের জলের বিনিময়ে। 

জেলা পরিষদের পক্ষ থেকে এই সহায়তা কোনো দয়া বা করুণা নয়, বরং এটি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন হুইপ। তিনি আরও বলেন, বিগত সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল। তারা জেলা পরিষদকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। আজ সেই কলঙ্ক মুছে জেলা পরিষদ যখন জনগণের কল্যাণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছে, তখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গৌরব পুনরায় ফিরে আসছে।

খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

আরও পড়ুন

×