১৪৪ ধারা ভেঙে রাতের আঁধারে জমি দখল
ছবি: সমকাল
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ২০:৩৫
কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে সংখ্যালঘু একটি পরিবারের কেনা সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। শনিবার ভোরে উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্ট-সংলগ্ন দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুধীর দাস অভিযোগ করেন, একই এলাকার মিজানুর রহমান, দুলাল ও কাউসার পরিকল্পিতভাবে আদালতের আদেশ অমান্য করে টিন দিয়ে ঘেরাও করে তাদের জমি জোরপূর্বক দখল করে নেন।
ভুক্তভোগীর দাবি, তিনি ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর ১৫৫৯ নম্বর এওয়াজ বদল দলিলের মাধ্যমে কাস্তুল মৌজার এসএ ২৯০ খতিয়ানের অন্তর্ভুক্ত জমি কিনে দীর্ঘদিন ভোগদখলে আছেন। জমিটি মূলত স্থানীয় জমিদার পরিবারের ওয়ারিশদের কাছ থেকে আইনানুগ প্রক্রিয়ায় কেনা।
অন্যদিকে অভিযুক্তরাও জমিদার পরিবারের অন্য অংশ থেকে কিছু জমি কিনেছেন। তবে তারা এখন সংখ্যালঘু পরিবারের জমির একাংশ নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন বলে ভুক্তভোগীর অভিযোগ।
এই বিরোধকে কেন্দ্র করে সুধীর দাস আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত গত ৯ ফেব্রুয়ারি ওই সম্পত্তির ওপর ১৪৪ ধারা জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এর পরও অভিযুক্তরা শনিবার ভোরে টিন দিয়ে ঘেরাও করে ওই জমি দখলে নেন। সকালে ঘুম থেকে উঠে সুধীর দাস ও তাঁর পরিবার দেখতে পান, জমি বেদখল হয়ে গেছে। পরে তারা অষ্টগ্রাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে অভিযুক্ত কাউসার বলেন, আদালতের নিষেধাজ্ঞা আছে, তবে আমাদের প্রয়োজনেই আমাদের জায়গায় বাউন্ডারি দিয়েছি। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
অষ্টগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি ১৪৪/১৪৫ ধারা অমান্যের ঘটনা বলে প্রতীয়মান।
- বিষয় :
- জমি দখল
