ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ, স্থবির উত্তরবঙ্গ

নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ, স্থবির উত্তরবঙ্গ
×

মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের ‘গড়ের মাথা’ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ২০:২২

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের ‘গড়ের মাথা’ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এ অবরোধের ফলে ঢাকা-রংপুর চার লেন মহাসড়ক ও দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

সড়ক বিভাগ কর্তৃক ‘দুর্ঘটনাকবলিত স্থান’ হিসেবে চিহ্নিত এই গড়ের মাথায় গত দুই বছরে ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ৩ এপ্রিল রংপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা এলাকার এক দম্পতি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এই মর্মান্তিক ঘটনার রেশ ধরে দুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যা রোববার সকালে গণঅবরোধে রূপ নেয়।

সকাল থেকে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। অবরোধ চলাকালে ছাত্রনেতা মোতাছিম বিল্লাহ ও হাফিজুর রহমান বলেন, ‘পরিকল্পনাহীন চার লেন মহাসড়ক নির্মাণের কারণেই গড়ের মাথা আজ মরণফাঁদে পরিণত হয়েছে। আর কত প্রাণ গেলে কর্তৃপক্ষের টনক নড়বে?’ স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম ও ফারুক হোসেন জানান, ঢাকা-রংপুর মহাসড়কের সঙ্গে ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল হওয়ায় এটি অত্যন্ত ব্যস্ত এলাকা। এখানে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ, স্থায়ী ট্রাফিক পুলিশ বক্স স্থাপন এবং গতিরোধকসহ নানামুখী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন এবং বলেন, ‘আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। আমি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ফ্লাইওভার ও পুলিশ বক্স নির্মাণের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছি।’ প্রশাসনের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
 

আরও পড়ুন

×