ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা 

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা 
×

রবিন হোসেন। ছবি-সংগৃহীত

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৬:৪০

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় রবিন হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের একটি দল। শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রবিনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি ও নারী নির্যাতন আইনে মোট চারটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ছয় মাস আগে আধিপত্য বিস্তার নিয়ে উত্তর চেলোপাড়া ও নারুলী এলাকার দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তার জেরে রবিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন রাতে ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকার একটি কবরস্থানে আতা ফল পাড়া নিয়ে কয়েকজনের সঙ্গে রবিনের কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে ৫ -৬ জন যুবক তাকে কবরস্থানের পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। এর পর সেখানে তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ভাঙা হকিস্টিকের অংশ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমাস বলেন, নিহত ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরও পড়ুন

×