ফ্লাইওভারের দাবিতে ফের মহাসড়ক অবরোধ
রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের ‘গড়ের মাথা’ নামক স্থানে ফ্লাইওভারের দাবিতে আবারও ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা সমকাল
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০৮:০২
| প্রিন্ট সংস্করণ
মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের ‘গড়ের মাথা’ নামক স্থানে নিরাপদ সড়কের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। প্রায় ৪০ মিনিটব্যাপী এই অবরোধের ফলে ঢাকা-রংপুর চার লেন মহাসড়ক ও দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
গত দুই বছরে এই স্পটে সড়ক দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ৫ এপ্রিল একই স্থানে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহতের প্রতিবাদে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিল জনতা। সেই ঘটনার মাত্র দুই দিন পার হতে না হতেই মঙ্গলবার বিকেলে আবারও একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী রাজপথে নেমে আসে।
বিক্ষুব্ধ জনতা মহাসড়কের ওপর কাঠ ও বেঞ্চ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করে অবস্থান নেন। স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরছে; অথচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা এখানে একটি ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানাই।’
আরেক বাসিন্দা এম এন রাখু ইসলাম বলেন, ‘গড়ের মাথা এলাকাটি ঢাকা-রংপুর চার লেন ও ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল হওয়ায় অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ। মানুষের প্রাণহানি রোধে এখানে ফ্লাইওভার ও স্থায়ী পুলিশ বক্স নির্মাণ এখন সময়ের দাবি।’ একই দাবি জানান ওমর ফারুক ও রওশন আলমসহ উপস্থিত জনতা।
অবরোধের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান এবং অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। তারা অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানালেও উত্তেজিত জনতা তা প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এখানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নিলে প্রায় ৪০ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
- বিষয় :
- মহাসড়ক অবরোধ
