হাতির পিঠে বর, ঘোড়ার গাড়িতে কনে
হাতির পিঠে বর। বৃহস্পতিবার জয়পুরহাট সদরের পশ্চিম পুরানাপৈল গ্রামে সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
এক সময় বিয়ে বাড়িতে যাতায়াতের প্রধান যানবাহন ছিল হাতি ও ঘোড়ার বহরের সঙ্গে পালকি। বর্তমানে কালেভদ্রে এমন বিরল দৃশ্য গ্রাম-বাংলায় চোখে পড়ে। গত বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলায় একটি বিয়েতে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যান বর। পরে ঘোড়ার গাড়িতে করে কনে আসেন শ্বশুরবাড়িতে।
আলোচিত এই বিয়ের বর মো. ফারহান ফয়সাল (২৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলা চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে। ফারহান বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত। আর কনে মোসা. ফারহানা আক্তার (২৬)। তিনি সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনারপাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে।
বর-কনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুলাল হোসেনের শখ ছিল তাঁর ছোট মেয়ে ফারহানা আক্তারের বিয়ের দিন মেয়েজামাই যেন হাতির পিঠে চড়ে তাঁর বাড়িতে আসেন। শুধু তাই নয়, তাঁর মেয়ে যেন ঘোড়ার গাড়িতে শ্বশুরবাড়িতে যান।
শ্বশুরের শখ পূরণ করতে বৃহস্পতিবার বিকেলে ফারহান নিজ বাড়ি চকমোহন গ্রাম থেকে হাতির পিঠে চড়ে পশ্চিম পুরানাপৈল গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়ার গাড়িতে কনেকে নিয়ে নিজ বাড়িতে রওনা হন বর।
এলাকাবাসী জানান, বর্তমান সময়ে এ অঞ্চলে হাতিই দেখা যায় না। আশপাশে বড় ধরনের মেলা হলে দু-একটা দেখা যায়। কিন্তু হাতির পিঠে চড়ে বিয়ে করার ঘটনা বিরল। আবার ঘোড়ার গাড়িতে করে কনের শ্বশুরবাড়িতে যাওয়ার ঘটনায় এলাকার লোকজন বেশ আনন্দ উপভোগ করেছে।
বর ফারহান ফয়সাল বলেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবা হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প শুনাতেন। আমিও স্বপ্ন দেখতাম হাতির পিঠে চড়ে বিয়ে করার।
সেই ইচ্ছে পূরণের জন্য হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাই।’
কনের বাবা দুলাল হোসেন বলেন, ইচ্ছে ছিল, ছোট মেয়ের বিয়েতে ব্যতিক্রমী আয়োজন করব, সেই ইচ্ছে থেকেই এই আয়োজন।
- বিষয় :
- হাতি
