রাস্তার পাশে জঙ্গলে কাঁদছিল নবজাতকটি
এক নারীর কোলে উদ্ধার হওয়া নবজাতকটি। ছবি : সমকাল
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১৯:০৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ১৯:১০
সখীপুরে রাস্তার পাশের জঙ্গল থেকে একটি নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে কাকড়াজান ইউনিয়নের তৈলধারা গ্রামের বারোমন্ডলীয়া এলাকায় শিশুটিকে দেখতে পান ফজরের নামাজ আদায় করতে বের হওয়া এক মুসল্লি।
প্রত্যক্ষদর্শী আব্দুস ছালাম জানান, শনিবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ শিশুর কান্না শুনতে পান। পরে রাস্তার পাশে জঙ্গলের ভেতরে গিয়ে নবজাতকটিকে দেখতে পান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি জানান, শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না, শুধু একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। রাতে বাইরে থাকার কারণে শিশুটির শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে।
উদ্ধারের পর দ্রুত শিশুটিকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছেন তিনি। শিশুটির চিকিৎসা চলমান রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
