ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৫:৪২ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ১৫:৪৯
ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন- উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী। রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার অন্য ২০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের শুক্কুর আলীর জমি নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায়।
এ সময় নুরুন্নাহারসহ তার পরিবারের সদস্যরা বাধা দিতে এলে আসামিরা তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে নুরুন্নাহার, তার নানি সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমান গুরুতর রক্তাক্ত জখম হন। হামলার পর আসামিরা বাড়িতে ভাঙচুর ও লুটতরাজ চালায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে নুরুন্নাহার বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে ঘটনার ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মামা হবিবুর রহমান মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। বাদিপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
