‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৪ হাজার লিটার অকটেন-পেট্রল-ডিজেল
মজুদ জ্বালানি তেল উদ্ধারে অভিযান। ছবি- সমকাল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৬:৪৯ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১৭:২৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখার অভিযোগে এক ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে সেখানে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার লিটার পেট্রল, ডিজেল ও অকটেন উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তেল নেই’ স্টিকার টানিয়ে পাম্প থেকে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেখানে চালিয়ে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রল, ৫৭৭ লিটার ডিজেল, ১৪৬ লিটার অকটেনসহ ৩ হাজার ৯৯২ লিটার জ্বালানি পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
