অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে যুবকদের কাণ্ড
অসুস্থ বন্ধুকে সাহস জোগাতে মাথা ন্যাড়া করেন এই যুবকেরা সমকাল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৮:৩৭
| প্রিন্ট সংস্করণ
বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টেও একসঙ্গে থাকা। মুরাদনগরে এমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিয়েছেন একদল যুবক, যা ইতোমধ্যেই ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়। রোগাক্রান্ত বন্ধু চিকিৎসকের পরামর্শে ন্যাড়া করায় তাঁর কষ্ট ভাগ করে নিতে একে একে ন্যাড়া করেন আরও ৯ যুবক। গত বুধবার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে দৌলতপুর গ্রামের সজীব নামে এক যুবক নিজের মাথা ন্যাড়া করেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একে একে নিজেদের মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও ৯ বন্ধু। বন্ধুত্বের এই নিদর্শন সৃষ্টি করেছেন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।
বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, ‘এটাই তো প্রকৃত বন্ধুত্ব, যেখানে সুখ-দুঃখ সবকিছুই ভাগ করে নেওয়া হয়।’
বন্ধুদের এমন ভালোবাসায় সজীবও চুপ করে থাকেননি। গত বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউস’-এর ছাদে বন্ধুদের সম্মানে আয়োজন করেন এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস এবং তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এ ছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি।
- বিষয় :
- বন্ধুত্ব
