ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১০ মাস ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মহাসড়ক অবরোধ

১০ মাস ধরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মহাসড়ক অবরোধ
×

গ্যাস সংযোগ পুনঃস্থাপনের দাবিতে সাভারের আমিনবাজারে শুক্রবার মহাসড়ক অবরোধ সমকাল

 নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৮:৫১

| প্রিন্ট সংস্করণ

তিতাস গ্যাসের লাইনে ত্রুটি দেখা দেওয়ায় ১০ মাস আগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর দীর্ঘ এই সময়েও সংযোগ চালু করা হয়নি। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ঢাকার সাভারের আমিনবাজার এলাকার অন্তত ৭০ হাজার গ্রাহক। 

ক্ষুব্ধ গ্রাহকরা গতকাল শুক্রবার রাস্তায় নেমে আসেন। গ্যাস সংযোগ পুনরায় চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় আধাঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। 
গতকাল শুক্রবার দুপুরে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভকারীরা জানান, আমিনবাজার এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পাইপলাইনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ১০ মাস আগে বৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু দীর্ঘদিনেও সংযোগ পুনরায় চালু করা হয়নি। এর ফলে আমিনবাজারসহ আশপাশের এলাকার প্রায় ৭০ হাজার মানুষ গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন।
তাদের অভিযোগ, এই সময়ে গ্যাস সংযোগ পুনরায় চালুর জন্য আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিতাস কর্তৃপক্ষ সংস্কার কাজের জন্য টেন্ডার দিলেও সড়ক ও জনপথ বিভাগের অনুমতি না পাওয়ায় এখনও কাজ শুরু করাই সম্ভব হয়নি।

বিক্ষোভকারীরা আরও বলেন, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধে নামেন। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে গ্যাস সংযোগ পুনরায় চালু না করা হলে আরও কঠোর আন্দোলনে যাবেন। তাদের দাবি, ১০ মাস ধরে গ্যাস না থাকায় প্রায় ৭০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। 
আমিনবাজার এলাকার বাড়িমালিক বশির উদ্দিন বলেন, বারবার কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সমাধান হচ্ছে না। আমরা ১০ মাস ধরে ব্যাপক ভোগান্তির মধ্যে আছি। 
পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে গ্যাস সংযোগ পুনরায় চালুর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বিষয়টি নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ দ্রুতই একটি সিদ্ধান্ত নেবে। প্রকৃত গ্রাহকরা যাতে গ্যাস পান তার ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×