বেরোবিতে এবার শিবিরের প্রকাশনা উৎসব
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:১১
| প্রিন্ট সংস্করণ
রাজনীতি নিষিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রকাশ্যে শাখা ছাত্রদল ও জাতীয়তাবাদী ফোরামের কার্যক্রমের পর এবার নববর্ষের ‘প্রকাশনা উৎসব’-এর আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।
গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘স্বাধীনতা স্মারক’ মাঠে প্রথমবারের মতো এ উৎসব শুরু হয়। উৎসবটি চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। আয়োজনে শিবিরের বিভিন্ন প্রকাশনা কর্নার, সাহিত্য কর্নার, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, কফি কর্নারসহ নানা আয়োজন রাখা হয়েছে।
এ বিষয়ে শিবিরের নেতা শিবলী সাদিক বলেন, ‘আমরা ছাত্র রাজনীতির বিপক্ষে কখনোই ছিলাম না। যেহেতু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, তারই ধারাবাহিকতায় শাখা শিবির ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রম করেনি। তবে ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম করেছে। শিবিরের সেক্রেটারিয়েটের সিদ্ধান্ত অনুযায়ী শিবিরও ছাত্র রাজনৈতিক কার্যক্রম শুরু করবে। এই অনুষ্ঠান তারই অংশ।’
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সুমন সরকার বলেন, ‘আমাদের নিজস্ব প্রকাশনা সম্পর্কে ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা যাতে সম্যক ধারণা লাভ করতে পারেন, বইগুলো কিনতে পারেন এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিশদভাবে জানতে পারেন, সেটাই মূলত এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।’ এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করে।
- বিষয় :
- শিবির
