ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল
×

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১২:২০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ১২:২০

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে। এ নিয়ে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে এলো ১৩ হাজার মেট্রিক টন ডিজেল, আর চলতি বছরে ৩৫ হাজার মেট্রিক টন। 

বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যক্রমের সাথে দায়িত্বে নিয়োজিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, শনিবার সন্ধ্যায় ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসা সম্পন্ন হয়। 

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার কথা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং আজ ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। 

এর আগে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৪টি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছায় বাংলাদেশে। 

ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়। এরপর সেখান থেকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানিতে এসব তেল সরবরাহ করা হয়। 

উল্লেখ্য, উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্নভাবে সারা বছর ডিজেল সরবরাহ রাখতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে ডিজেল সরবরাহ করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার ভূ-গর্ভস্থ এই পাইপ লাইন স্থাপনের কার্যক্রম শুরু হয়। ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে এবং বছরে ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানি করা যাবে। পরে ব্যবহার, খরচ ও চাহিদা অনুযায়ী আমদানির পরিমাণ বৃদ্ধি করা হবে। এই পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ মেট্রিক টন তেল ভারত থেকে আমদানি করা সম্ভব বলেও বিপিসির পক্ষ থেকে জানানো হয়। আগে খুলনা ও চট্টগ্রাম থেকে রেল ওয়াগনের মাধ্যমে উত্তরাঞ্চলে তেল আসতে সময় লাগতো ৬ থেকে ৭ দিন।

আরও পড়ুন

×