ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ গুলিবিদ্ধ

কুষ্টিয়ায় নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ গুলিবিদ্ধ
×

ফাইল ছবি

কুষ্টিয়া ও ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১৭:৫৯ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ১৮:১৫

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযানে গিয়ে কুষ্টিয়ার হরিপুর চরে সন্ত্রাসীদের গুলিতে নৌ পুলিশের পরিদর্শকসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সবাই পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্য। 

গতকাল মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় পদ্মা নদীর মাঝে এ ঘটনা ঘটেছে। হরিপুর পাবনার ঈশ্বরদী উপজেলার সীমানাঘেঁষা।

আহতরা হলেন- লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) খন্দকার শফিকুল ইসলাম এবং কনস্টেবল ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। আহতদের উদ্ধার করে শুরুতে পাবনা সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন।

নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন হরিপুরে পদ্মা নদীতে অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে ওসিসহ অভিযানে যান। সেখানে পৌঁছানো মাত্র দুর্বৃত্তরা পুলিশের ওপর অতর্কিতে শটগানের গুলি ছোড়ে। ছররা গুলিতে পাঁচজনই আহত হন। তাদের মধ্যে তিনজনের জখম কিছুটা বেশি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের পাহারায় ঘটনার রাতে পদ্মা নদীতে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে কয়েকটি নৌকা জব্দ করে। এ সময় সন্ত্রাসীরা হঠাৎ করে গুলি চালায় ও পুলিশ সদস্যদের জিম্মি করে ফেলে। পরে আহত অবস্থায় তাদের ছেড়ে দেওয়া হয়। 

পুলিশ জানায়, পদ্মা নদীর বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ঈশ্বরদী ও কুষ্টিয়া প্রান্তের বালু ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। বিশেষ করে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কাঁকন ও কালু বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। দুই বাহিনীর মধ্যে এর আগে একাধিকবার নদীতে গোলাগুলিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আইনশৃঙ্খলা ঠিক রাখতে দিনে ও রাতে নৌ পুলিশ পদ্মা নদীতে নিয়মিত টহল দিয়ে থাকে। মঙ্গলবার রাতেও নিয়ম অনুযায়ী টহল চলাকালে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। 

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা পদ্মা নদীর কুষ্টিয়া, নাটোর, পাবনা ও রাজবাড়ী জেলার সীমানা পর্যন্ত দায়িত্ব পালন করেন। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×