ডিজেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিতে বড় প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৬:০২
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও তার প্রভাব জনগণের ওপর পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশে ডিজেলের দাম মাত্র ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে পণ্যমূল্যে কেজিপ্রতি মাত্র ৩০ পয়সার মতো প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। শুক্রবার সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে ঐতিহাসিক ‘বাসিয়া খাল’ খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারকে উত্তরাধিকার সূত্রে পাওয়া অব্যবস্থাপনা ও অরাজকতা মোকাবিলা করতে হচ্ছে। দেশে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও চাহিদা মেটাতে আরও ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। কারিগরি সমস্যার কারণে আমদানি ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে। তবে সরকার দ্রুত সমাধানে কাজ করছে। নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে।
সৌদি আরব থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানির প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বৈশ্বিক পরিস্থিতিতে দেশ যাতে জিম্মি না হয়, সে লক্ষ্যে নতুন স্টোরেজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্ত্রী জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া খাল খনন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। ৪০ কিলোমিটার খালের ২৩ কিলোমিটার অংশ খনন করা হবে, যা সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন। এ ছাড়া শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী
- ডিজেল
- মূল্যস্ফীতি
