ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টি, মাদকসহ ৬ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ২১:১২
গাজীপুরের ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টির আয়োজন করে শিল্পোদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরের ছেলে জাহিদুল আলম জয়। সেই পার্টিতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের হাতে তুলে দেন দেশি-বিদেশি মদ। এই খবর পৌঁছে যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে। পরে অভিযান চালায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত ১৭ এপ্রিল রাতে চালানো অভিযানে গুলশান-২ এর ৩৫ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির বাসিন্দা জাহাঙ্গীর আলম ও হেলেনা জাহাঙ্গীরের ছেলে জাহিদুল আলম জয়সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন– ফয়জুল ইসলাম খান, ইফতিয়ার কাসেম চার্লী, জিহাদ আহম্মেদ, রেদোয়ান হাসান চৌধুরী ও আবির হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর অফিস সূত্রে জানা যায়, রাতভর অভিযান চালিয়ে রিসোর্ট থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে ৯টি এক্সটেসি, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১টি বিয়ার ও ৩ বোতল ভোদকা উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল।
গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, জাহিদুল আলম জয় রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টির আয়োজন করেন। অংশ নেওয়া সবাইকে মদ দেওয়া হয়। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ ঘটনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন ভূঁইয়া বাদী হয়ে পরদিন জয়দেবপুর থানায় একটি মামলা করেন। পরে গ্রেপ্তার ছয়জনকে কারাগারে পাঠান আদালত। তবে গত বৃহস্পতিবার ইফতিয়ার কাসেম চার্লী আদালত থেকে জামিন পেয়েছেন।
