ঝিনাইদহে ইবির দুই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ০৭:৫৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও এক ছাত্রকে মারধরের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। শনিবার বিকেলে এক ছাত্রী বাদী হয়ে এ মামলা করেন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে তাদের ওপর হামলা হয়।
ভুক্তভোগী তিনজনই ইবির বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মামলায় হাসিবুর রহমান (২০), সোহেল আহম্মদ (২১), খন্দকার সাব্বির (২০) ও মাশরাফি আলমের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়।
মামলার বাদী বলেন, ‘সেদিন আমি স্বামীসহ কয়েকজন বন্ধুকে নিয়ে ঝিনাইদহে গিয়েছিলাম। শহীদ মিনারের সামনে ক্যাম্পাস বাসের জন্য অপেক্ষা করছিলাম। তখন এ ঘটনা ঘটে। আমরা চাই, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।’ পাশাপাশি অনলাইনে ছড়িয়ে দেওয়া তাদের মানহানিকর কনটেন্ট অপসারণের দাবি জানান তিনি।
এজাহারে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ইবি শিক্ষার্থীরা ঝিনাইদহ শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কিছু তরুণ তাদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে। এমনকি কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করছিল। এর প্রতিবাদ করলে স্থানীয় তরুণেরা বেপরোয়া হয়ে ওঠে। দল বেঁধে তারা দুই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায়। প্রতিবাদ করতে গেলে তাদের সহপাঠীকে মারধর
করা হয়।
এক পর্যায়ে স্থানীয় এসব তরুণ ইবি শিক্ষার্থীদের ঘিরে ধরে ভিডিও ধারণ করে। সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হলে তাদের সামনেই বেপরোয়া আচরণ করা হয়। পরে ওই শিক্ষার্থীদের নিয়ে ধারণ করা ভিডিও মিথ্যা ও বিভ্রান্তিকর ক্যাপশন লিখে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভুক্তভোগী মামলা করেছেন। এজাহার পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ইসলামী বিশ্ববিদ্যালয়
