অডিটোরিয়াম নিয়ে পৌরসভা ও জেলা পরিষদের দ্বন্দ্ব, ভোগান্তিতে কালীগঞ্জবাসী
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়ামটির মেঝে ফুঁড়ে বের হচ্ছে পানি। ভেসে যাচ্ছে হলরুমের ফ্লোর। গত ৬ মাস ধরে এ সমস্যার কারণে সেখানে নানা অনুষ্ঠান আয়োজনে ভোগান্তিতে রয়েছেন কালীগঞ্জবাসী। অথচ জনগুরুত্বপূর্ণ এ সমস্যা নিরসন না করে দুই দপ্তরের মধ্যে চলছে দায় এড়ানোর লড়াই।
জেলা পরিষদের ভাষ্য, সমস্যাটি সৃষ্ট হয়েছে পৌরসভার পাইপ ফেটে গিয়ে। পৌর কর্তৃপক্ষ পাইপ লাইন মেরামত না করে জেলা পরিষদের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন। অপরদিকে সমস্যার বিষয়ে নিজেদের দায় এড়িয়ে কালীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ বলছেন, অডিটোরিয়ামটি জেলা পরিষদের। তাই সৃষ্ট সমস্যাটি জেলা পরিষদ কর্তৃপক্ষই সমাধান করবেন। দুই দপ্তরের এমন ঠেলাঠেলিতে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন অডিটোরিয়াম ব্যবহারকারীরা। বিয়ে, সভা-সমাবেশ বা অনুষ্ঠানের জন্য হলরুমটি ভাড়া নিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন ব্যবহারকারীরা।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, অডিটোরিয়ামসংলগ্ন কালীগঞ্জ পৌরসভার পানি সাপ্লাইয়ের পাম্পের পাইপ ফেটে হলরুমের মেঝে পানিতে ভেসে যাচ্ছে। পৌরসভার ওই পাম্পের অপারেটর নুর ইসলাম জানালেন, এমন অবস্থা চলছে প্রায় ৬/৭ মাস ধরে। সমস্যাটি সমাধানে তারা জেলা পরিষদ কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছেন।
কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার কবির হোসেন বলেন, অডিটোরিয়ামটি জেলা পরিষদের অধীনে। তাই, সমস্যাটিও তারাই সমাধান করবেন। গত মাসে তিনিসহ জেলা পরিষদের কর্মকর্তারা সরেজমিনে দেখেছেন। জেলা পরিষদ খুব শিগগিরই সমস্যার সমাধানে কাজ করবেন বলেও তাদের জানিয়েছেন।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, পানির পাইপটি পৌরসভার হলেও সমস্যাটি জেলা পরিষদের। সেটি দ্রুত সমাধানে জেলা পরিষদ কর্তৃপক্ষকে আবারও তাগিদ দেবেন তিনি।
অপরদিকে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, অডিটোরিয়ামটি আমাদের অধীনে পরিচালিত হলেও মূল সমস্যা পৌরসভার পানি সাপ্লাইয়ের পাইপে। পৌর কর্তৃপক্ষ তাদের পাইপ মেরামত না করে কেন আমাদের ওপর চাপাচ্ছে। অডিটোরিয়াম পানিতে ভাসার দায় পৌরসভার। দ্রুত সমস্যা নিরসনে তিনি পৌর কর্তৃপক্ষকে জোর তাগিদ দেবেন।
এদিকে নানা সমস্যার কারণে অডিটোরিয়ামটি ভাড়া নিয়ে কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না কালীগঞ্জবাসী। পৌর ব্যবসায়ী সমিতির নেতা শফিউদ্দিন জানান, তার ভাইপোর বিয়ে অনুষ্ঠানের জন্য অডিটোরিয়াম ভাড়া করে দুর্ভোগের শিকার হয়েছেন। তিনি জানান, অডিটোরিয়ামের মেঝে ফুঁড়ে অনর্গল পানি বের হয়ে ফ্লোর ভেসে যাওয়ায় সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে পারেননি। এ সমস্যা ছাড়াও সিলিং ফ্যান নষ্ট, টিনে ছিদ্র ও অস্বাস্থ্যকর ওয়াসরুমসহ আরও নানান সমস্যায় জর্জরিত অডিটোরিয়ামটি। তিনি আরও বলেন, এটি কালীগঞ্জে একমাত্র বড় অডিটোরিয়াম। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এটি বেহাল অবস্থায় রয়েছে। অডিটোরিয়ামটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
- বিষয় :
- ভোগান্তি
