ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

ছাত্রলীগ নেতাকে দেখাতে কারাগারে বাবার মরদেহ

ছাত্রলীগ নেতাকে দেখাতে কারাগারে বাবার মরদেহ
×

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাননি ছাত্রলীগের বরিশাল মহানগরের ওয়ার্ড নেতা মো. শাহরুখ খান। পরে বাবার মরদেহ বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে তাঁকে শেষবার দেখার সুযোগ দেওয়া হয়। শাহরুখ নগরের ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

গতকাল বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শাহরুখের বাবা আবুল বাশার খান (৬০) মারা যান। 
জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার সড়কের নিজ বাসা থেকে পুলিশ শাহরুখকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। 
শাহরুখের ভাই সালমান খান জানান, তাঁর ভাইকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছিলেন পরিবারের সদস্যরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা তাদের বসিয়ে রাখা হয়। এরপরে একজন ম্যাজিস্ট্রেট এসে জানান, প্যারোলে মুক্তি হবে না। সন্তানকে দেখানোর জন্য মরদেহ কারাগারে নিতে হবে। বিকেল পৌনে ৪টায় তাঁর বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে কারাগারে নেওয়া হয়। ৪টার দিকে মরদেহের সঙ্গে তিনজনকে কারাগারে ঢুকতে দেওয়া হয়। মরদেহ দেখার জন্য কারাগারে ভেতরে তাদের মাত্র ৫ মিনিট থাকতে দেওয়া হয়েছে। 

সালমানের ভাষ্য, তাঁর ভাইয়ের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পরে ৮টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে আরও ৩টি মামলায় আসামি করা হয়েছে। 
বক্তব্য জানতে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তাঁরা সাড়া দেননি। 

আরও পড়ুন

×