ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুরির অভিযোগে কিশোরকে নাকে খত, মাথা ন্যাড়া

চুরির অভিযোগে কিশোরকে নাকে খত, মাথা ন্যাড়া
×

 মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬ | ০৯:৩৫

| প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানো এবং নাকে খত দেওয়ার পর মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবপুর উপজেলার তুলসীপুর বাজারে এ ঘটনা ঘটে। 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সম্প্রতি তুলসীপুর বাজারের ব্যবসায়ী মন্টু মিয়ার দোকান থেকে একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এক কিশোরকে সন্দেহ করা হয়। পরে চুরি করা মোবাইলটি পার্শ্ববর্তী চৌমুনী বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে স্থানীয় কয়েকজন ওই কিশোরকে আটক করে। খবর পেয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মিন্টু মিয়া ও আশপাশের লোকজন ওই কিশোরকে ধরে তুলসীপুর বাজারে নিয়ে আসে। সেখানে জনসম্মুখে তাকে দোষী সাব্যস্ত করে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। উপস্থিত জনতা ওই কিশোরকে কান ধরে উঠবস ও নাকে খত দিতে বাধ্য করে। পরে কিশোরের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এক পর্যায়ে তাকে দৌড়ে বাজার থেকে চলে যেতে বলা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে কিশোরকে নিজের দোষ স্বীকার করতে শোনা যায়। 
স্থানীয়রা জানান, ওই কিশোর দীর্ঘদিন ধরে নেশার সঙ্গে জড়িত। এ কারণে তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে নানা বাড়িতে বসবাস করছিল। 
স্থানীয় মানবাধিকার কর্মী শহিদুল হক জানান, কোনো অপরাধ ঘটলে সেটির বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত। একজন কিশোরকে এভাবে প্রকাশ্যে অপদস্থ করা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। 
কাশিমনগর ফাঁড়ির বিট অফিসার এস আই মিজানুর রহমান জানান, চুরির অপরাধে এ ধরনের শাস্তি দেওয়ার কোনো বিধান নেই। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×