ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শরীয়তপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
×

প্রতীকী ছবি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৩:৪৬ | আপডেট: ০২ মে ২০২৬ | ১৪:৩৭

শরীয়তপুর সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন দুপুর ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআই সদস্যরা মরদেহ থেকে একাধিকবার আঙুলের ছাপ নিয়েও তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পালং মডেল থানা সূত্রে জানা যায়, আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমান আলী মোল্লা ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার ভোরে এক ব্যক্তি তার ভ্যান চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা জড়ো হন এবং সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করেন।

এরপর উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। পরে দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় কয়েকজন স্থানীয় তাকে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আংগারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ মোল্লা জানান, ভ্যানগাড়ি চুরির সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে উত্তেজিত লোকজন তাকে শিকল দিয়ে বেঁধে মারধর করে।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন,  দুপুর ১২টার দিকে সংকটাপন্ন অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসা শুরুর এক ঘণ্টার মধ্যে তিনি মারা যান।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তার জাতীয় পরিচয়পত্র নাও থাকতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। পরিচয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×