ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম নগরের নিচু এলাকায় হাঁটুপানি

সামান্য বৃষ্টিতেই চট্টগ্রাম নগরের নিচু এলাকায় হাঁটুপানি
×

নগরীর প্রবর্তক মোড়

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০০:৪৭ | আপডেট: ০৩ মে ২০২৬ | ০০:৫৪

অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো। আজ শনিবার বিকেলে এক থেকে দেড় ঘণ্টার বৃষ্টিতে হাঁটুপানি জমে যায় নগরীর প্রবর্তক মোড়, পাঁচলাইশ ও কাতালগঞ্জসহ কয়েকটি এলাকায়। এতে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন পথচারীরা।

এর আগে দুই দিনের বৃষ্টিতে এসব এলাকায় বুকসমান পানি জমে যাওয়ায় দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। বিষয়টি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার চট্টগ্রামে এসে নানা রকম বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আবহাওয়া অধিদপ্তরের আমবাগান কেন্দ্রের কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন বলেন, শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
নালা-নর্দমাগুলো ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে পানি জমে যাচ্ছে। 

তবে এ ব্যাপারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন, ‘ভারী বৃষ্টি হলেই কেবল নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধার সৃষ্টি হয়। বিকেলের দিকে কয়েকটি এলাকায় পানি উঠেছিল। তবে বৃষ্টি থেমে যেতেই পানি নেমে গেছে।’

এদিকে, আজ সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ রামপুরা এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে যান মেয়র শাহাদাত হোসেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জলাবদ্ধতা প্রকল্পের কাজ সম্পন্ন করতে খালে বাঁধ দেওয়ায় পানি উঠছে। বাঁধগুলো অপসারণ করা হচ্ছে। এতে জলাবদ্ধতা কমে আসবে।

আরও পড়ুন

×