ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা, বাদীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা, বাদীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
×

সংগৃহীত

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২০:৫১ | আপডেট: ০৫ মে ২০২৬ | ২২:০১

নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় হত্যাচেষ্টার মামলায় সাত বছর বয়সী এক শিশুকে ২১ বছর দেখিয়ে আসামি করার অভিযোগ উঠেছে। বিষয়টি আদালতের নজরে এলে শিশুটিকে অব্যাহতি দিয়ে মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম এ নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে শিশুটিকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে একটি ফৌজদারি মামলায় এমন গুরুতর তথ্য বিভ্রাট শুধু বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং শিশু অধিকার নিয়েও উদ্বেগ তৈরি করে। আদালতের এ নির্দেশনার মাধ্যমে বিষয়টি সামনে আসায় সচেতন মহল সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। 

আদালত সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গুরুদাসপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে নাম থাকা ওই শিশু স্কুল ড্রেস পরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। জন্মনিবন্ধন যাচাই করে দেখা যায়, ঘটনার সময় শিশুটির বয়স মাত্র সাত বছর। অথচ মামলার এজাহারে তার বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে। শিশুটি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নজরে আসার পর আদালত তাৎক্ষণিকভাবে শিশুটির জামিন মঞ্জুর করেন এবং প্রকৃত বয়স গোপন করার বিষয়ে বাদী ও তদন্ত কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

মঙ্গলবার আদালতে হাজির হয়ে তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন বলেন, অভিযুক্তদের খোঁজে এলাকায় গিয়ে তাদের না পাওয়ায় তাৎক্ষণিকভাবে বয়স যাচাই করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, বর্তমানে প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়েছে। শিশুটির নাম আসামির তালিকা থেকে বাদ দিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। 

নাটোর জজ কোর্টের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রুহুল আমীন তালুকদার টগর বলেন, দেশের প্রচলিত আইনে সাত বছরের কোনো শিশুকে ফৌজদারি মামলায় আসামি করা যায় না। তিনি জানান, সরকারি কর্মচারীকে ভুল তথ্য দেওয়ার দায়ে মামলার বাদী শাহানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
 

আরও পড়ুন

×