কারমাইকেল কলেজ ৩৭ দফা দাবি বাস্তবায়নে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা
সংগৃহীত
রংপুর অফিস
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২০:৫৬
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের দীর্ঘদিনের ৩৭ দফা দাবি বাস্তবায়নের জন্য আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গত বছরের জুনে একই দাবিতে টানা আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এরপর এক বছর পেরিয়ে গেলেও অধিকাংশ দাবি বাস্তবায়ন না হওয়ায় নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। মঙ্গলবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীদের ৩৭ দফা দাবির মধ্যে রয়েছে– প্রধান ফটক নির্মাণ, আর্থিক বরাদ্দ বৃদ্ধি, নতুন একাডেমিক ভবন ও আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, আবাসিক হল বৃদ্ধি ও সংস্কার, নতুন বাস সরবরাহ, স্মার্ট ক্লাসরুম চালু, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, বিজ্ঞান বিভাগের জন্য আধুনিক ল্যাব স্থাপন, নতুন বিভাগ চালু, দখল হওয়া জমি উদ্ধার, লাইব্রেরির উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের ২২ জুন তারা কলেজ কর্তৃপক্ষ, তৎকালীন শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ৩৭ দফা দাবি পেশ করেন। দাবি আদায়ে তখন অধ্যক্ষকে অবরুদ্ধ, সড়ক ও রেলপথ অবরোধ এবং চার দিনের শাটডাউন কর্মসূচিও পালন করা হয়। পরে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে বাস্তবায়নের আশ্বাস দেন। তখন কলেজের একটি পরিত্যক্ত হল সংস্কার, যৌথ কমিটি গঠন এবং শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথাও শিক্ষার্থীদের জানানো হয়েছিল। কিন্তু পরে সেসব বাস্তবায়ন হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী নেতা আরিফুর রহমান বলেন, ‘এক বছরেও দাবিগুলোর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবার আর আশ্বাসে বিশ্বাস নেই, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’ আরেক শিক্ষার্থী সফিকুল ইসলাম বলেন, ‘৩৭ দফার মধ্যে শুধু দুটি বাস কেনা হয়েছে। বাধ্য হয়েই আবার আন্দোলনে নেমেছি।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হোসেন মণ্ডল বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি আমাদের নজর রয়েছে এবং ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা চলছে।’ তিনি জানান, ইতোমধ্যে কিছু ভবনে সংস্কারকাজ ও রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া প্রধান ফটক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু হতে পারে। নতুন একাডেমিক ভবন, ছাত্রাবাস, লাইব্রেরি ভবন ও অডিটোরিয়াম নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
- বিষয় :
- রংপুর
