বাঁচানো গেল না শিশু আয়ানকে
আবদুল্লাহ আল আয়ান
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ০৮:৪৮
| প্রিন্ট সংস্করণ
‘কত স্বপ্ন ছিল বাজান তোরে মাদ্রাসায় পড়াইয়া মানুষের মতো মানুষ বানামু। তুই আমাগো এইভাবে ফাঁকি দিয়ে চলে গেলি। আইজ টাকার অভাবে তোরে বাঁচাইতে পারলাম না। আমারে ক্ষমা কইরা দিস বাজান।’ কথাগুলো বলছিলেন আর মূর্ছা যাচ্ছিলেন শিশু আবদুল্লাহ আল আয়ানের মা শাবনাজ পারভীন।
গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আয়ান। সে শহরের কামালনগর এলাকার আজিজুল বিশ্বাস ও শাবনাজ পারভীন দম্পতির ছেলে। এই দম্পতির দুই ছেলের মধ্যে আয়ান ছোট। বড় ছেলে শাহরিয়ার বিশ্বাস (১২) শহরের পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।
আয়ানের বাবা আজিজুল বিশ্বাস বলেন, পাঁচ মাস আগে আয়ানের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে রাজধানীসহ সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি। সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ধারদেনা করে নিঃস্ব হতে চলেছেন। কিছু দিন আগে আয়ানের অবস্থার অবনতি হয়, চিকিৎসক বলেছিলেন, তার মেরুদণ্ড অপারেশন করে কেমোথেরাপি দিতে হবে। তার জন্য অনেক টাকা লাগবে। টাকার জন্য তিনি বার বার সরকারি দপ্তরে ছুটেছেন। বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। দু-একজন ছাড়া কোনো সাড়া পাননি তিনি। সোমবার রাত থেকে আয়ানের শরীরের অবস্থা খারাপ হতে থাকে। গতকাল সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুপুরে জানাজা শেষে আয়ানকে দাফন করা হয়।
- বিষয় :
- শিশু
