ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

দেশ ধর্ষণের উপত্যকা হতে পারে না: ময়মনসিংহে নাগরিক বিক্ষোভে বক্তারা

দেশ ধর্ষণের উপত্যকা হতে পারে না: ময়মনসিংহে নাগরিক বিক্ষোভে বক্তারা
×

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০১:০৮

সারাদেশে নারী ও শিশুর ওপর চলমান নৃশংসতার প্রতিবাদে বুধবার (৬ মে) বিকেলে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’-এর বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সমাজ বিকৃত মানসিকতায় সয়লাব হয়ে গেছে। অহরহ শিশু ও নারী ধর্ষণের ঘটনা দেখে মনে হচ্ছে পুরো দেশ যেন হিংস্র নেকড়েতে ছেয়ে গেছে। সুস্থ সমাজ বিনির্মাণের স্বার্থে এই মানুষরূপী পশুদের কঠোর হস্তে দমন করা এখন সময়ের দাবি।

বক্তারা বলেন, যে রাষ্ট্র ও সমাজে নারী ও শিশু নিরাপদ নয়, তাকে কোনোভাবেই সভ্য বলা যায় না। দেশ আজ এক অসভ্যতার অতল গহ্বরের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় মাতৃভূমি এভাবে ধর্ষণের উপত্যকা হয়ে যাবে এমনটা সচেতন নাগরিকদের কাছে কখনোই কাম্য নয়। দেশে কঠোর আইন থাকা সত্ত্বেও তার যথাযথ প্রয়োগ না থাকায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এটি অপরাধীদের আরও উৎসাহিত করছে।

সমাবেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯ ধারার কথা উল্লেখ করে বক্তারা প্রশ্ন তোলেন, যেখানে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের স্পষ্ট বিধান রয়েছে, সেখানে কেন দ্রুত বিচার নিশ্চিত করা হচ্ছে না? তারা দাবি করেন, বিচারিক প্রক্রিয়াকে জটিল না করে দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে এবং বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই এই জঘন্য অপরাধ নির্মূল করা সম্ভব হবে। এছাড়া সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী শাহরিয়ার আহমেদ আশিকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক রুমেল, সুশান্ত দেবনাথ খোকন, রফিকুল ইসলামসহ আরও অনেকে।

আরও পড়ুন

×