১৬ মে চাঁদপুর আসছেন প্রধানমন্ত্রী, চলছে নানা প্রস্তুতি
তারেক রহমান
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৪:০৩
খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ, জনসভায় যোগদানসহ বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়নে আগামী ১৬ মে চাঁদপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী এ সফরকে সফল করতে চলছে নানা প্রস্তুতি। উৎসাহ দেখা দিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তার আগে, গত শনিবার ২ মে চাঁদপুর স্টেডিয়ামে নতুন কু্ঁড়ি স্পোর্টস এর উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর চাঁদপুরের আসার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ। যদিও স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসনের দপ্তরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে সফরসূচি এখনো হাতে পৌঁছেনি বলে সমকালকে জানান তিনি। তবে জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, ১৬ মে শনিবার প্রধানমন্ত্রী চাঁদপুর আসছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকল অফিসারের চিঠিতে চাঁদপুর সফরসূচিতে উল্লেখ করা হয়, তিনি সকাল ৭টায় ঢাকার গুলশানের সরকারি বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। ৯টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারূক বাজার এলাকায় ঘোর্থখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে এক জনসভায় বক্তব্য রাখবেন।
এরপর সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটে উপস্থিত হয়ে বিশ্বখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুরে সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ২টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া বিকেল ৪টা ৩০ মিনিটে জেএম সেন গুপ্ত রোডের চাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। ৫টা ৩০ মিনিটে একই সড়কে চাঁদপুর জেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন।
সন্ধ্যা ৬টায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন। ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন তিনি এবং রাত ১০টায় গুলশানের বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর সরকারী সফর হিসেবে বিবেচিত হবে এবং তার ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ ইতোমধ্যে বেশ কয়েকবার প্রস্তুতিমূলক সভা করেছেন। তিনি জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নিয়ে বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট প্রধানমন্ত্রীর খাল খননকাজের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
এছাড়া প্রায় প্রতিদিনই জেলা শহরে চাঁদপুর-৩ আসনের এমপির বাসভবন মুনিরায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে।
সফর প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফর ও উৎসবমুখর করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এ সফর সফল ও সার্থক হবে।
এদিকে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষ্যে উদ্বোধনযোগ্য খাল পুনঃখনন স্থান পরিদর্শনসহ অন্যান্য কর্মসূচি সম্পর্কে অবহিত হতে আজ বৃহস্পতিবার চাঁদপুর আসছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানী।
এর আগে, ২০০৪ সালে তারেক রহমান বিএনপির নেতা হিসেবে চাঁদপুর সফরে আসছিলেন। তার ২২ বছর পর এই প্রথম প্রধানমন্ত্রী হিসাবে এখানে আসছেন।
- বিষয় :
- চাঁদপুর
- তারেক রহমান
