বিদ্যালয়ের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:১১
হবিগঞ্জের নবীগঞ্জে এক বিএনপির নেতার বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দেবপাড়া ইউনিয়ন ঝিটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে কামাল হোসেন নামের এক ব্যক্তি নবীগঞ্জ ইউএনও কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন ঝিটকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর যাতায়াতের রাস্তার একটি অংশ দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। তাঁকে গ্রামবাসী বাধা দিলেও তিনি তা অমান্য করে প্রাচীরটি নির্মাণ করেন। ফলে ওই রাস্তা দিয়ে এলাকাবাসী ও ছাত্রছাত্রীর চলাচলে বিঘ্ন ঘটছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযোগ প্রসঙ্গে বিএনপির নেতা নুরুল আমিন বলেন, ‘বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে সরকারি কোনো সড়ক দখল করিনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।’ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ঝিটকিয়া গ্রামের বাসিন্দা জাহেদ মিয়া বলেন, বিএনপি নেতা নুরুল আমিন প্রাইমারি স্কুলের রাস্তার জায়গা দখল করেছেন। এ কারণে সড়কটি ছোট হয়ে গেছে।
গ্রামের আরেক বাসিন্দা শামীম মিয়া জানান, পঞ্চায়েতে নুরুল আমিনকে বাড়ির প্রাচীর নির্মাণে যে সীমানা দেখিয়ে দেওয়া হয়, সেখানে তিনি তা করেননি। তিনি পঞ্চায়েতের দেখানো সীমানা থেকে সামনে এগিয়ে এসে সরকারি স্কুলের রাস্তার কিছু অংশ দখল করে প্রাচীর নির্মাণ করেন। এই দেয়ালের কারণে স্কুলের রাস্তাটি ছোট হয়ে গেছে।
ঝিটিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ আহমদ বলেন, আমাদের স্কুলে যাতায়াতের সড়কের পাশে একটি দেয়াল নির্মাণ করা হয়েছে। বিএনপি নেতা নুরুল আমিন তাঁর বাড়ির জন্য এই দেয়াল দিয়েছেন। স্কুল থেকে একটু দূরে, এটা সরকারি জমিতে কিনা, জানি না। এই সড়ক দিয়ে শিক্ষক-শিক্ষার্থীকে স্কুলে আসতে হয়।
দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট জালাল আহমদ বলেন, নুরুল আমিনের বিরুদ্ধে সরকারি প্রাইমারি স্কুলের সড়ক দখলের অভিযোগ সঠিক হলে দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ ইউএনও মো. রুহুল আমীন বলেন, এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- দখল
