আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামিকে দুবাই থেকে গ্রেপ্তার
দুবাই থেকে ফিরিয়ে আনা হত্যা মামলার আসামি আরিফ সরকার। ছবি : সমকাল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ২০:৩৫ | আপডেট: ০৭ মে ২০২৬ | ২০:৩৭
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার পলাতক আসামি আরিফ সরকারকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন পিবিআই পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডে জড়িত আসামিকে ইন্টারপোলের রেড নোটিশে দুবাই পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশে বার্তা পাঠায়। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেপ্তার আসামিকে দেশে নিয়ে আসে।
গ্রেপ্তার আরিফের বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামে। গত ৬ মে নরসিংদীর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আরিফসহ অন্যান্য আসামিদের পরিকল্পনায় ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খানকে তার নিজ বাসায় গুলি করা হয়। একই বছরের ৩১ মে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরিফসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিবপুর থানায় একটি হত্যা মামলা করেন তার ছেলে আমানুর রশিদ খান। প্রথমে থানার পুলিশ মামলাটি তদন্ত করে।
পরবর্তীতে বাদীর আবেদনে একই বছরের ২৩ জুন তদন্তের দায়িত্ব পায় নরসিংদী জেলা পিবিআই। সংস্থাটি তদন্তে নেমে এর আগে আসামি মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে। এই আসামি আদালতে আরিফসহ অন্যান্য আসামিদের ব্যাপারে তথ্য দেয়। সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় পিবিআই আসামি আরিফ সরকারের দুবাইয়ে অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়।
পরে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আসামি আরিফ সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশকে জানায়।
পরে পুলিশ সদরদপ্তরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আসামি আরিফকে দুবাই থেকে গত ৬ মে দেশে নিয়ে আসে। গত ৬ মে আসামি আরিফ সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
- বিষয় :
- নরসিংদী
