গণভোটের প্রশ্নে বিএনপির অবস্থান এখনো স্পষ্ট নয়: নাহিদ ইসলাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০০:১৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি জুলাই আন্দোলনসহ নানা বিষয়ে কথা বললেও গণভোটের প্রশ্নে এখনো স্পষ্ট অবস্থান তুলে ধরছে না। সংবিধান সংস্কারের বিষয়টিও পরিষ্কার নয় বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান ও চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দেশে একটি গণতান্ত্রিক পরিবর্তন প্রত্যাশা করেছি। বিএনপি জুলাই আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে কথা বললেও গণভোটের প্রশ্নে তারা এখনো স্পষ্ট অবস্থান তুলে ধরছে না। বিশেষ করে সংবিধান সংস্কারের বিষয়টিও পরিষ্কার নয়।’
সংসদে বিরোধী দলের সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সংসদের দুই-তৃতীয়াংশ আসন সরকারের দখলে থাকায় বিরোধী দলের পরিসর অনেকটাই সীমিত। আমরা চাই না আন্দোলন রাজপথে গড়াক। তবে সংসদের মাধ্যমে সমস্যার সমাধান না হলে আন্দোলন রাজপথে গড়াতে পারে।’
আগামী স্থানীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘যেহেতু জোটে আছি, সামনের নির্বাচনে জোটগতভাবে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। নির্বাচনের পরিবেশ ঘনিয়ে এলে বিষয়টি স্পষ্ট হবে। আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি।’
চবির আবাসন সংকট ও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের বিরোধের স্থায়ী সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থীকে শহরে থাকতে হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় মাঝেমধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা উন্নয়নে পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামী বাজেটে সরকার বিশ্ববিদ্যালয় খাতে বরাদ্দ বৃদ্ধি করবে বলে আমরা আশা রাখি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘নান্দনিক সৌন্দর্যের দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয়গুলোর একটি। জুলাই আন্দোলনেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
সংবাদ সম্মেলনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। পরে তারা বিশ্ববিদ্যালয় স্টেশনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
- বিষয় :
- গণভোট
- নাহিদ ইসলাম
- চট্টগ্রাম
