ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সম্পত্তি নিয়ে বিরোধে ঘর ভাঙচুর, গোডাউনে বসবাস

সম্পত্তি নিয়ে বিরোধে ঘর ভাঙচুর, গোডাউনে বসবাস
×

 বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

বাঘা উপজেলার আড়ানী পৌরসভার দিয়াড়পাড়া গ্রামে সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে নিজের বসতঘর হারিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে একটি টিনশেড গোডাউনে মানবেতর জীবনযাপন করছেন রাজন আলী (৩৬) নামে এক ব্যক্তি। জানালাবিহীন সাটারঘেরা ছোট্ট সেই গোডাউনেই চলছে রান্নাবান্না, সন্তানদের পড়ালেখা ও রাতযাপন। নেই নিরাপদ পানি কিংবা শৌচাগারের ব্যবস্থা।
বুধবার সরেজমিনে বাউসা ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রামে গিয়ে দেখা যায়, ব্যবসার কাজে ব্যবহৃত একটি টিনশেড গোডাউনের ভেতরে অস্থায়ীভাবে বসবাস করছেন রাজন আলী। স্ত্রী, চার সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটছে তাদের। গোডাউনের ভেতরে গুমোট গরম, বাতাস চলাচলেরও তেমন সুযোগ নেই।

ভুক্তভোগী রাজন আলী বলেন, সম্পত্তি নিয়ে বড় ভাই সোহেল রানার সঙ্গে বিরোধ চলছিল। গত বছরের ১১ নভেম্বর দলবল নিয়ে এসে তাঁর বসতঘর ভেঙে ফেলা হয়। এরপর থেকে তিনি পরিবার নিয়ে গোডাউনেই আশ্রয় নিয়েছেন। তিনি জানান, দিয়াড়পাড়া গ্রামের ১১৯ নম্বর জেএল মৌজার আরএস দাগ নম্বর-৫২৪২ এ তাদের বাবার নামে ২২ দশমিক ৫০ শতাংশ জমি রয়েছে। প্রায় ১৮ বছর আগে বাবা মারা যাওয়ার পর ভাই-বোনদের মধ্যে মৌখিকভাবে সম্পত্তি ভাগাভাগি হয়। সেই অনুযায়ী তিনি নিজ অংশে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন।

রাজনের ভাষ্য, ‘বড় ভাই আমার ভাগের জমিতে থাকা ঘরবাড়ি জোর করে ভেঙে দখল করে নেয়। বাধা দিতে গেলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে আবার জমিতে মাটি ফেলতে গেলে প্রাণনাশের হুমকিও দেয়।’ 
রাজনের মা রেহেনা বেওয়া জানান, স্বামীর মৃত্যুর পর সন্তানদের মধ্যে মৌখিকভাবে সম্পত্তি ভাগ হয়েছিল। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। পরে এসে দেখেন ঘর ভেঙে ফেলা হয়েছে। ছেলে রাজন পরিবার নিয়ে গোডাউনে আশ্রয় নিয়েছে।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে জিডিমূলে প্রসিকিউশন মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টিও দেখা হচ্ছে।
অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘রাজন অনেক আগেই জমিটি ছোট ভাই সুজন আলীর কাছে বিক্রি করে অন্যত্র বসবাস করছিল। পরে আবার সেই জায়গায় এসে থাকতে চাইলে সমস্যা তৈরি হয়।’ 

আরও পড়ুন

×