টানা বৃষ্টিতে কৃষিতে বিপর্যয় ৭৫% ফসল জমিতে নষ্ট
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীতে টানা সাত দিনের বৃষ্টিতে কৃষিক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। জেলার বিস্তীর্ণ এলাকার মুগডাল, চিনাবাদাম, কাঁচামরিচ, তিল, আলু ও গ্রীষ্মকালীন শাক-সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। কৃষি বিভাগের হিসাবে, এ দুর্যোগে প্রায় ৯৯ কোটি ৫০ লাখ ৩৮ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩০ হাজার ৬২৬ জন কৃষক।
কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। অনেক কৃষকই এখন নতুন করে চাষাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার ১ লাখ ৩০ হাজার ৭৭৮ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন ফসল ও আউশ ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে ৫১ হাজার ৪৯২ হেক্টরের ফসল ঘরে তোলা সম্ভব হলেও বাকি ৭৯ হাজার ২৮২ হেক্টর জমির ফসল মাঠে ছিল। গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা সাত দিন ২০৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে ৬১ হাজার ৯৩৭ হেক্টর জমির ফসল আক্রান্ত এবং ৬ হাজার ৭৩৭ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে সদর উপজেলার বদরপুর
এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে শুধু পানি আর পানি। কোথাও মুগডালের গাছ পচে গেছে, কোথাও চিনাবাদাম তোলার আগেই পানিতে নষ্ট হয়ে গেছে। কৃষকদের ভাষ্যমতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুগডাল, চিনাবাদাম, কাঁচামরিচ ও তিলের আবাদ। এসব ফসলের প্রায় ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে।
- বিষয় :
- কৃষি
