ইবিতে বরাদ্দ আসন না পেয়ে ৩ শিক্ষার্থীর প্রতিবাদ
প্রভোস্টের কক্ষের সামনে বিছানা পেতে অবস্থান নেওয়া দুই শিক্ষার্থী। শনিবার বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে। ছবি: সমকাল
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২২:৪৪
কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে বৈধভাবে আসন বরাদ্দ পেলেও উঠতে পারেননি তিন শিক্ষার্থী। প্রতিবাদে তারা হল প্রভোস্টের কক্ষের সামনে বিছানা পেতে অবস্থান নিয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে প্রভোস্টের কক্ষে তালা দিয়ে সামনেই বসে পড়েন তারা।
প্রতিবাদী শিক্ষার্থীরা হলেন- আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোবারক উল্লাহ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আরিফ। তাদের নামে বরাদ্দ কক্ষ নম্বর যথাক্রমে ৩২৫, ২১৫ ও ৩২৭।
এই শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ম মেনে আবেদন করার পর ভাইভায় অংশ নিয়ে মেধার ভিত্তিতে ওই হলে আসন পেয়েছেন তারা। কিন্তু কক্ষে গিয়ে আসন খালি পাননি। বরাদ্দ আসনগুলোতে অন্য শিক্ষার্থীরা অবস্থান করছেন। তাদের অতিরিক্ত হিসেবে বরাদ্দ দিয়েছে হল প্রশাসন। একই সমস্যা আরও কয়েকটি কক্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রেও হয়েছে। এ ছাড়া হলটির কয়েকটি কক্ষে আসন ফাঁকা থাকলেও সেগুলোতে বরাদ্দ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বারবার হল প্রশাসনের কাছে গিয়েও সমাধান পাননি। বাধ্য হয়ে তারা অবস্থান কর্মসূচি করছেন।
হল আসন পাওয়ার পর মেসের আসন ছেড়ে দিয়েছেন জানিয়ে আবু বকর বলেন, এখন হলে উঠতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন। তাঁকে যে কক্ষে আসন বরাদ্দ দেওয়া হয়েছে সেটিতে তিনজনের আসন। এখানে আগেই এক শিক্ষার্থী ছিলেন। পরে আবার নতুন করে তিনজনকে আসন দেওয়া হয়েছে। তিনি হলে উঠতে না পেরে থাকার জায়গাও পাচ্ছেন না।
একই অভিযোগ তানভীর আরিফেরও। তিনি বলেন, দুই আসনের কক্ষে আগে থেকেই তিনজন অবস্থান করছেন। সেখানে চতুর্থজন হিসেবে থাকা সম্ভব নয়। অনেক কক্ষে অবৈধভাবে অন্য হলের শিক্ষার্থীরাও অবস্থান করছেন। অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, হলের কর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসন বরাদ্দ করা হয়। তথ্যে অসঙ্গতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতাও পাননি।
- বিষয় :
- কুষ্টিয়া
