জুয়ার টাকার দ্বন্দ্বে শিশুকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুকানোর অভিযোগ
খবর পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় করেন। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২২:৫১
ময়মনসিংহের মুক্তাগাছায় অনলাইন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আন্দালিফ রহমান রাফি (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের একদিন পর আজ শনিবার দুপুরে উপজেলার বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি পায়খানার ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাফি জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং মুক্তাগাছা শহরের রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে খোকন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জহিরুল ইসলামের সঙ্গে একই এলাকার খোকন মিয়ার অনলাইনে জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেই শত্রুতার জেরে শুক্রবার সন্ধ্যায় জহিরুলের শিশুপুত্র রাফিকে ‘পাখির বাসা’ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খোকন। এরপর থেকেই রাফির আর কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আজ শনিবার দুপুরে খোকনের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তার বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে খোকনের বাড়ির পায়খানার মাটির তৈরি ট্যাংকের ভেতরে একটি বস্তা দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তা খুলে রাফির মরদেহ শনাক্ত করা হয়।
খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যার পর মরদেহ বস্তায় ভরে পায়খানার ট্যাংকে লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনায় প্রধান অভিযুক্ত খোকন মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- বিষয় :
- ময়মনসিংহ
