ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

শিক্ষা খাতের সংকট সমাধানে নীতিমালায় বদল আনছে সরকার: ববি হাজ্জাজ

শিক্ষা খাতের সংকট সমাধানে নীতিমালায় বদল আনছে সরকার: ববি হাজ্জাজ
×

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৫:৪২

শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার নীতিমালাগত পরিবর্তন আনছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

গতকাল শনিবার কক্সবাজারের সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের চাহিদা পূরণে এরই মধ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

এর আগে কক্সবাজার লিডারশিপ ট্রেনিং সেন্টারে কক্সবাজার, বান্দরবান ও নোয়াখালীর ভাসানচরে বাস্তবায়নাধীন ‘প্রি-প্রাইমারি ও প্রাইমারি স্কুল ইমপ্রুভমেন্ট প্রকল্পের’ আওতায় স্কুল ফিডিং ও প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন-সংক্রান্ত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। কর্মশালায় ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রয়োজন পূরণ করা হবে। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো সংস্কারে কাজ করছে এবং এ সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষা খাতের সমস্যাগুলো সমাধান করা গেলে দেশের অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সমস্যাও অনেকাংশে কমে আসবে।’

কর্মশালায় বক্তব্য দেওয়ার পর প্রি-প্রাইমারি ও প্রাইমারি স্কুল ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, পরিচালক (এনডিসি) মোহাম্মদ কামরুল হাসান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন।

প্রকল্প পরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন জানান, কক্সবাজার ও বান্দরবানে মোট এক হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় ইউনিসেফ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে চার হাজার ৪০০টি এবং ভাসানচরে ২০টি স্কুলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন

×