ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

যুবককে হত্যা করে গৃহবধূর বাড়ির গোয়ালঘরে মাটি চাপা

যুবককে হত্যা করে গৃহবধূর বাড়ির গোয়ালঘরে মাটি চাপা
×

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬ | ২২:৪২

যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ইকরামুল কবির নামে এক যুবককে হত্যার পর মরদেহ গুম করা হয়। নিখোঁজের এক মাস পাঁচ দিন পর গত শনিবার রাতে অভিযুক্ত গৃহবধূর বাড়ির গোয়ালঘরের মাটির নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এদিকে আজ রোববার দেশের বিভিন্ন এলাকা থেকে স্কুল শিক্ষিকা, তরুণী, গৃহবধূসহ আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ইকরামুল কবির (২৫) শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে। এ ঘটনায় শনিবার রাতেই এক দম্পতিসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার তাদের আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বসতপুর এলাকার এক গৃহবধূর সঙ্গে (২৩) ইকরামুলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এক মাস পাঁচ দিন আগে ইকরামুল ওই গৃহবধূর কাছে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ইকরামুলের খোঁজ না পেয়ে যশোর আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি শার্শা থানায় নথিভুক্ত হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশ ওই গৃহবধূর স্বামীকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার পুলিশ বসতপুর গ্রামে তাদের বাড়িতে অভিযান চালায়। সেখানে গোয়ালঘরের মেঝে খনন করে ইকরামুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

তালাবদ্ধ ঘর থেকে শিক্ষিকার লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ানজী পুকুর পাড় এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামের এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

কোতোয়ালি থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, রোববার সকালে বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ৯৯৯-এ ফোন করেন পলির স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ওই শিক্ষিকার লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। ওই শিক্ষিকা অবিবাহিত ছিলেন। বাসায় একা থাকতেন। এ ঘটনায় যাবতীয় বিষয় খতিয়ে দেখছে পুলিশ। 

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা 
ঢাকার ধামরাইয়ে মাদক ব্যবসা নিয়ে পূর্ববিরোধের জেরে ফিরোজ কবির নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ফিরোজ (৪৭) ধামরাইয়ের অর্জুনালাই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, মাদক ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে ফিরোজের সঙ্গে জহিরুল ও শাহিনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সম্প্রতি ফিরোজ কবির একটি মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। গত শনিবার রাত ৯টার দিকে গাংগুটিয়া ইউনিয়নের অর্জুনালাই এলাকায় জহিরুল ও শাহিনের সঙ্গে ফিরোজের দেখা হলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জহিরুল ও শাহিন। গুরুতর আহত হওয়া ফিরোজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 
বোনের ইটের আঘাতে মৃত্যু গৃহবধূর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির জের ধরে চাচাতো বোনের হামলায় জাহানারা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। জাহানারা (৪৮) নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর মধ্যপাড়ার মৃত গোলাম মাওলার মেয়ে এবং একই এলাকার ইলিয়াস মিয়ার স্ত্রী।

তরুণীর মৃত্যু নিয়ে রহস্য 
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তরুণীর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। 

আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। মুন্নির পরিবারের দাবি, তাঁকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা– তা তদন্ত করে দেখা হচ্ছে। 

মুন্নি (২১) পশ্চিম বরৈয়া এলাকার নবী হোসেনের ছেলে মিজানুর রহমানের স্ত্রী। তাদের  এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী 
শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিল্পী আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই গৃহবধূকে নিয়ে আসেন তাঁর স্বামী ও স্বজনরা। চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এর পরপরই ওই নারীর লাশ রেখে পালিয়ে যান স্বামী ও স্বজনরা। শিল্পী (২২) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাওয়ারী হনধরা এলাকার মফিজুলের স্ত্রী।
 
পুকুরে মিলল নিখোঁজ যুবকের লাশ

নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকার ওয়াশেরপুর মহল্লার একটি পুকুর থেকে জামিরুল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। জামিরুল কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামের শাজাহান মিয়ার ছেলে। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। 

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধিরা)

আরও পড়ুন

×