চট্টগ্রাম
চুরির অপবাদে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৮:০২ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৮:০৩
চট্টগ্রাম মহানগরে চুরির অভিযোগে এক যুবককে রাতভর মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার নগরীর পলোপ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরির সন্দেহে এক যুবককে আটক করে স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে দীর্ঘ সময় ধরে মারধর করা হয় এবং একপর্যায়ে বৈদ্যুতিক শক দেওয়া হয়। নির্যাতনের এক পর্যায়ে ওই যুবকের মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে বিক্ষোভ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, স্কুলের দপ্তরি সমির, আজাদসহ কয়েকজন ওই যুবককে স্কুলের ভেতর থেকে বের করে রাস্তার পাশে নিয়ে আসেন। মারধরের এক পর্যায়ে আহত যুবক পানি চাইলে তিনি পানি আনতে যান। ফিরে এসে দেখেন, অভিযুক্তদের একজন তাকে আবারও লাথি মারছেন। এর কিছুক্ষণ পরই ওই যুবক মারা যান।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, বৈদ্যুতিক শক ও মারধরে একজনকে মেরে ফেলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে স্কুলের অফিস সহকারী সমির ও আজাদসহ সংশ্লিষ্টদের আটকের চেষ্টা চলছে।
