আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৪:১৭ | আপডেট: ১২ মে ২০২৬ | ০৪:৩৭
বগুড়ার সোনাতলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছে। গত রোববার দুপুরে সদরের দলিল রেজিস্ট্রি অফিস এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খান বাদল, যুবদল কর্মী নান্নু মিয়া, যুবদল কর্মী সাগর ও ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম।
সংসদ নির্বাচনের আগে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জেলা বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি জেলা বিএনপির সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের সমর্থকদের মধ্যে বিরোধ শুরু হয়। কাজী রফিকুল ইসলাম আসনটিতে মনোনয়ন পান। তিনি এমপি হওয়ার পর বঞ্চিত জাকিরকে কিছুদিন আগে জেলা পরিষদের প্রশাসকের পদে বসান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপরও দুই পক্ষের মধ্যে বিরোধ লেগেই থাকত। রোববার জাকিরের বড় ভাই উপজেলা বিএনপির সহসভাপতি আহসান হাবিব রাজা প্রশাসনের কর্মকর্তাদের এবং রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের তাদের কথামতো চলতে বলেন। এর বিরোধিতা করেন কাজী রফিকুলের সমর্থক দলিল লেখক ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খান বাদল। এই নিয়ে উত্তেজনা থেকে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের পর উভয়পক্ষ পৃথকভাবে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।
এমপি কাজী রফিকুল গ্রুপের জিয়াউল হক লিপন বলেন, মূলত এমপি পদে মনোনয়ন নিয়ে পূর্ব বিরোধের জেরে এসব করছে প্রতিপক্ষরা। উপজেলা বিএনপির সহসভাপতি জাকির গ্রুপের আহসান হাবিব রাজা বলেন, এমপির দোহাই দিয়ে কিছু লোক সরকারি অফিসে এককভাবে সুযোগ সুবিধা নিয়ে আসছে। আমি তাদের সঠিকভাবে কাজ করতে বলেছি।
থানার ওসি রওশন কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সদরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
