মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু
ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৫:৩০
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সর্দি-জ্বর ও শ্বাসকষ্টসহ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে হাম ও হাম উপসর্গ নিয়ে ৩২ শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে জামালপুর সদর উপজেলার ৩ মাস বয়সী এক শিশু এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১০ মাস বয়সী এক শিশু রয়েছে। উভয়েই ‘সাসপেক্টেড মিজলস উইথ নিউমোনিয়া’ (হাম ও নিউমোনিয়া) নিয়ে হাসপাতালের বিশেষায়িত ইউনিটে চিকিৎসাধীন ছিল।
মমেক হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে ৯৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ জন।
পরিসংখ্যান বলছে, গত দুই মাসে (১৭ মার্চ হতে ১৩ মে পর্যন্ত) মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১৬৬ জন সুস্থ হয়ে ফিরেছে।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও চিকিৎসা ব্যবস্থার বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘হামের প্রকোপ মোকাবিলায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আক্রান্তদের জন্য আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালে আনতে দেরি হওয়ায় ঝুঁকি বাড়ছে। বিশেষ করে হামের সঙ্গে নিউমোনিয়া যুক্ত হলে শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।’
